মাদক মামলায় কারাবন্দি মৌসুমী হিজড়ার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পৃথক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে মধুবালা হিজড়া সংস্থা।
রবিবার (১৮ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার বাজালিয়া ও কেরানীহাট এলাকায় আয়োজিত কর্মসূচি থেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত এবং ভুক্তভোগীদের নিরাপত্তার দাবি জানানো হয়।
মধুবালা হিজড়া সংস্থার নেত্রী সুফিয়া হিজড়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন— সংস্থার সদস্য মুন্নি হিজড়া, ফুলি, জলসা, কাজল, রুজি, হাসিনা, মাহি, রায়বানু, তানিশা, রুমা, সুমনা, মারিয়া, সেতু, সাদিয়া, প্রিয়া, রাশি, টুম্পা, রোকেয়া, সুমি, তানিয়া, লাকী, গোলাপি, হুমাইরা, ফারজানা, আদুরী, সিমি, রুবি, একা, রেখা, ফারিয়া, আয়েশা, বিন্দিয়া ও মিনু হিজড়াসহ প্রমুখ।
বক্তব্যে সুফিয়া হিজড়া অভিযোগ করে বলেন, প্রায় ১৩ বছর আগে ইসমাঈল হামিদ ওরফে মৌসুমী হামিদ কেরানীহাটের একটি চা দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। পরে হিজড়া সমাজের পরিচয় ব্যবহার করে সাতকানিয়ার হলুদিয়া এলাকায় সরকারি জমি দখল ও অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তার কর্মকাণ্ডে পুরো হিজড়া সমাজের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এ ছাড়াও ইতোমধ্যে তিনি মাদক ব্যবসা এবং অবৈধ উপায়ে বিপুল সম্পদ অর্জন করেছেন।
তিনি আরও বলেন, মৌসুমীকে ইতোমধ্যে হিজড়া সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে। তার জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সরকারি জমি দখল, নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ সুষ্ঠুভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া সময়ের দাবি। প্রশাসন কার্যকর পদক্ষেপ না নিলে আমরা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।
এর আগে গত (৩ অক্টোবর) উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উদ্দুরিক্যা পাড়া সংলগ্ন কেরানীহাট-বান্দরবান মহাসড়কের পাশে মৌসুমী হিজড়ার বিরুদ্ধে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দাদের একটি অংশ। ওই কর্মসূচিতে তার বিরুদ্ধে সুদের কারবার, মাদক বিক্রি, বনের জায়গা দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তোলা হয়েছিল।
এদিকে, গত (১৬ অক্টোবর) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের চেমীরমুখ এলাকায় ৪২ লিটার দেশীয় চোলাই মদ ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ মৌসুমী হামিদ এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা করে তাদের আদালতে সোপর্দ করা হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন বলে জানা গেছে।
