কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ঠোটারপাড়া বিওপির ১৫৩/৯ সীমান্ত পিলারসংলগ্ন এলাকা দিয়ে গতকাল চার ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে, উদয় কিষাণ ক্যাম্পের বিজিবি সদস্যরা তা প্রতিহত করে। এ ছাড়া একই দিন মেহেরপুর জেলার গাংনী সীমান্ত দিয়ে ছয়জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, রবিবার সকাল ৮টার দিকে বিএসএফ সদস্যরা উদয় কিষাণ ক্যাম্প এলাকা থেকে চার ভারতীয় নাগরিককে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে। এর মধ্যে দুজন পুরুষ এবং দুজন নারী ছিলেন।
ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, চারজন ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা করেছিল বিএসএফ সদস্যরা। তাদের সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে। বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানের কারণে বিএসএফ তাদের ফেরত নিতে বাধ্য হয়। এদিকে মেহেরপুরের গাংনী সীমান্তে নারী-পুরুষসহ ছয়জনকে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল ভোর ৫টার দিকে উপজেলার রংমহল সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করলে বর্ডার গার্ড
বাংলাদেশের (বিজিবি) প্রতিরোধের মুখে তাদের ফেরত নেয় বিএসএফ।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেন হাসান রনি বলেন, আন্তর্জাতিক সীমান্ত ১২৭নং পিলার এলাকা দিয়ে চারজন নারী ও দুজন পুরুষকে পুশইন করার চেষ্টা করে দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের কমান্ডার হিমমত সিংয়ের নেতৃত্বে বিএসএফ সদস্যরা। রংমহল গার্ড বাংলাদেশ বিজিবি ক্যাম্পের টহল দল বিষয়টি বুঝতে পেরে প্রতিরোধ গড়ে তোলে। প্রতিরোধের মুখে তাদের ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ।
