আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
জীবিকার তাগিদে চট্টগ্রামে পাড়ি জমিয়েছিলেন ফরিদপুরের বোয়ালমারীর যুবক মো. ফরহাদ শেখ (৩৫)। শ্রমিকের কাজ করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন থেমে গেল এক মর্মান্তিক রেল দুর্ঘটনায়।
চট্টগ্রামে রেললাইনের ওপর ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামের বাড়ি বোয়ালমারীর চুকিনগরে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে শোকাতুর পরিবেশ।
গত ২২ অক্টোবর সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরের খুলশী থানার আমবাগান এলাকায় রেললাইনের আপ ও ডাউন লাইনের মাঝখান থেকে ফরহাদের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
ফরহাদ শেখ বোয়ালমারী উপজেলার চুকিনগর গ্রামের শারীরিক প্রতিবন্ধী মো. সোহরাব শেখের ছেলে। পরিবারের জীবিকার তাগিদে তিনি চট্টগ্রামে শ্রমিকের কাজ করতেন।
চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সদস্য শহিদুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই দিন সকালে আমবাগান এলাকায় রেললাইনের পাশের একটি হোটেলে নাশতা শেষে রেললাইন ধরে হাঁটছিলেন ফরহাদ। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা অভিমুখী একটি ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় তার একটি হাত ও একটি পা ভেঙে যায়। মাথায়ও গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে তার সঙ্গে থাকা পরিচয়পত্র ও মুঠোফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে স্বজনেরা চট্টগ্রামে গিয়ে ওই দিন রাতেই মর্গে মরদেহ শনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফরহাদের আকস্মিক মৃত্যুর খবর পৌঁছানোর পর থেকেই শোকাহত তার স্বজন ও প্রতিবেশীরা। পরিবারের জন্য উপার্জন করতে দূর চট্টগ্রামে যাওয়া এই যুবকের এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না তারা। তার মৃত্যুতে চুকিনগর গ্রামে নেমে এসেছে শোকের আবহ।
The post ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বোয়ালমারীর ফরহাদের appeared first on sokalerkhobor24.com.
