পুরান ঢাকার চকবাজারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কাজ করতে গিয়ে লোকজনের কারণে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘটনাস্থল থেকে লোকজনকে সরে গিয়ে উদ্ধার ও পরবর্তী কার্যক্রমে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আব্দুস সালাম বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তার সঙ্গে তার কথা হয়েছে। কর্মকর্তা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আগুন কীভাবে লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।
তিনি বলেন, ‘আল্লাহর রহমতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস পানি দিয়ে প্রয়োজনীয় কাজ করেছে। এখন লোকজন যদি সরে যায়, তাহলে তারা কাজ করার সুযোগ পাবে। আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করব, লোকজন যেন তাদের কাজ করার সুযোগ দেয়, যাতে তারা জায়গাটি পরিষ্কার করে রাস্তাটি চলাচলের উপযোগী করতে পারে।’
আগুন লাগার কারণ সম্পর্কে ডিএসসিসি প্রশাসক বলেন, সেখানে ব্যাগের একটি কারখানা বা গোডাউন ছিল। আশপাশে কাপড়ের গোডাউনও রয়েছে। ব্যাগের গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেলেও প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এর আগে, বিকেল ৫টা ৪ মিনিটে চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মনজুর খান প্লাজার মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে পাঁচটি ইউনিট কাজ শুরু করে। পরে পাশের আরেকটি ভবনে আগুন ছড়িয়ে পড়লে ইউনিটের সংখ্যা বাড়িয়ে দশটিটি করা হয়।
এমএল/বিআরইউ
