রাজধানীর বিশদ অঞ্চল পরিকল্পনার (ড্যাপ) তৃতীয় দফার সংশোধনী গেজেট সম্পূর্ণ বাতিলের দাবি জানিয়েছে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। সংস্থাটির অভিযোগ, যথাযথ পরিকল্পনাগত বিশ্লেষণ, কারিগরি মূল্যায়ন ও পেশাজীবীদের সঙ্গে পরামর্শ ছাড়াই অস্বচ্ছ প্রক্রিয়ায় এ সংশোধন করা হয়েছে। এতে নদীতীরবর্তী উন্মুক্ত স্থানে ভারী শিল্পকারখানা স্থাপন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ বৃদ্ধি ও ভবনের ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) বাড়ানোর সিদ্ধান্ত ঢাকার পরিবেশ, জলাবদ্ধতা ও বাসযোগ্যতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
গতকাল রবিবার এক বিবৃতিতে আইপিডি বলেছে, নগর পরিকল্পনা কোনো ব্যবসায়িক গোষ্ঠীর স্বার্থরক্ষার দলিল নয়। ভূমির ব্যবহার, জনসংখ্যার ঘনত্ব, পরিবেশ, যানজট, জলাবদ্ধতা ও নাগরিক সুবিধা বিবেচনায় নিয়ে এ ধরনের পরিকল্পনা প্রণয়ন ও সংশোধন করতে হয়। যথাযথ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ না করলে পরিকল্পিত নগর উন্নয়নের ভিত্তি দুর্বল হয়ে পড়বে।
