সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রংপুরে আসছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে তার রংপুরে পৌঁছানোর কথা।
প্রধানমন্ত্রীকে বরণ করতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যেমন উৎসাহ-উদ্দীপনা রয়েছে, তেমনি স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উচ্ছ্বাসিত। পাশাপাশি পুরো নগরজুড়ে নেওয়া হয়েছে করা নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মোড়ে মোড়ে জোরদার করা হয়েছে টহল ব্যবস্থা।
সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সকাল ১০টায় তার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর কথা। সেখান থেকে সড়কপথে বেলা ১১টায় রংপুরে আসবেন তিনি। প্রায় ৩০ মিনিটের সফরে নগরীর ধর্মসভা রাধাগোবিন্দ মন্দির ও কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
এ সময় সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে বিমানযোগে রাজশাহীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে রংপুরে বইছে উৎসবের আমেজ। তাকে স্বাগত জানাতে নগরীর বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন টাঙিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীকে কাছ থেকে একনজর দেখতে এবং তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আশায় রয়েছেন মন্দিরের ভক্ত ও পূজারিরা।
স্বাধীনতা-পরবর্তী সময়ে রাজধানীর বাইরে রংপুরে এসে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন কোনো সরকার প্রধানের এবারই প্রথম বলে দাবি করছেন স্থানীয়রা। তাদের কাছে প্রধানমন্ত্রীর এই আগমন কেবল ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা নয়, বরং সম্প্রীতি ও সৌহার্দ্যেরও একটি বার্তা। দুর্গোৎসবের আনন্দের মধ্যে সরকারপ্রধানকে কাছে পাওয়ার প্রত্যাশা তাদের উৎসবের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে মন্দির দুটিতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন। গত তিনদিন ধরে দফায় দফায় মন্দির এলাকা পরিদর্শন করছেন সরকারি গোয়েন্দা সংস্থার সদস্য ও পুলিশ-বিজিবির সদস্যরা। পাশাপাশি প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নগরজুড়ে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা ও মহানগর বিএনপি।
রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শনে আজ বেলা ১১টার দিকে রংপুরে আসবেন। এখানে দুটি মন্দির পরিদর্শন শেষে বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে সৈয়দপুর বিমানবন্দরে যাবেন তিনি। এরপর বিমানযোগে রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তার আগমনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।
