জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সাকিশিমা দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় 'চাম্পি'
তীব্র ক্রান্তীয় ঝড় 'চাম্পি' এগিয়ে আসতে থাকায়, জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওকিনাওয়া জেলার সাকিশিমা দ্বীপপুঞ্জে স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
আজ শনিবার দুপুরে, ঝড়টি জাপানের সর্বপশ্চিমের ইয়োনাগুনিজিমা দ্বীপের ১২০ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বের সমুদ্রের উপর অবস্থান করছিল। এটি ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
আজ শনিবার সকাল ১১টা পর্যন্ত, ইরিওমোতেজিমা দ্বীপের উয়েহারাতে এক ঘণ্টায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। সকাল ১১টা পর্যন্ত ৪৮ ঘণ্টায় এলাকাটিতে মোট ৫৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। উল্লেখ্য, ২০০৩ সালে বর্তমান পরিসংখ্যান পদ্ধতি শুরুর পর থেকে এই ধরনের সময়ের মধ্যে এটিই ছিল সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ।
শনিবার সকাল ১০:২৮ মিনিটে জাপান আবহাওয়া এজেন্সি, ওকিনাওয়ার ইশিগাকিজিমা দ্বীপ এলাকায় ভারী বৃষ্টির মেঘপুঞ্জ তৈরি হওয়ার আসন্ন সতর্কবার্তা দিয়েছে। এর অর্থ হচ্ছে, প্রাণঘাতী ভূমিধস ও বন্যার ঝুঁকি হঠাৎ করে বেড়ে যেতে পারে, কারণ অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস রয়েছে।
ওকিনাওয়ায় বাতাসের তীব্রতা বৃদ্ধি পেয়ে চলেছে। আজ শনিবার সকাল ১১টা পর্যন্ত তিন ঘণ্টায় ইশিগাকি শহরের তোনোশিরোতে বাতাসের সর্বোচ্চ তাৎক্ষণিক গতিবেগ ছিল ঘণ্টায় ১২৬ কিলোমিটার। ইরিওমোতেজিমা দ্বীপের ওহারাতে ঘণ্টায় ১১৬ কিলোমিটারের দমকা হাওয়া রেকর্ড করা হয়।
আগামীকাল রবিবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায়, সাকিশিমা দ্বীপপুঞ্জে ১২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উঁচু ঢেউ, ভূমিধস ও নিচু এলাকায় বন্যার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য জনসাধারণকে পরামর্শ দেয়া হয়েছে।