আইন বিষয়ে স্নাতক শেষ করে পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার প্রস্তুতির পাশাপাশি মডেলিংয়েও নিজের অবস্থান তৈরি করতে চান রংপুরের মেয়ে হাবিবা ইয়াসমিন ইভা।
ঢাকার প্রাইমএশিয়া ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে এলএলবি সম্পন্ন করেছেন ইভা। তাঁর কাছে মডেলিং শুধু শখ নয়; স্বপ্নপূরণ ও নিজেকে নতুনভাবে তুলে ধরার অন্যতম মাধ্যম।
পড়াশোনার পাশাপাশি মডেলিংয়ের প্রতি তাঁর আগ্রহ ছিল বরাবরই। ২০২৫ সালে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প থেকে মডেলিংয়ের ওপর গ্রুমিং সম্পন্ন করেন তিনি। প্রশিক্ষণ শেষে ফটোশুটের মধ্য দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু হয় তাঁর। পরে র্যাম্পেও হাঁটার অভিজ্ঞতা অর্জন করেন।
ইভার ভাবনায়, মডেলিং মানে শুধু বাহ্যিক সৌন্দর্য প্রদর্শন নয়; এটি নিজের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা উপস্থাপনের একটি বিশেষ ক্ষেত্র। এ জগতে দক্ষতা বাড়ানোর পাশাপাশি নতুন অভিজ্ঞতা অর্জন করতে চান তিনি। একই সঙ্গে আইন বিষয়ে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ভবিষ্যতে আইন পেশায়ও সফল হওয়ার প্রত্যাশা করেন।
নিজের স্বপ্ন নিয়ে ইভা বলেন, “মডেলিং আমার ধ্যান-জ্ঞান। আমি আইনজীবী হিসেবে নিজের ক্যারিয়ার গড়তে চাই, পাশাপাশি মডেলিংয়েও নিয়মিত কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, ইচ্ছাশক্তি, পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে একজন নারী একাধিক ক্ষেত্রে নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেন। আমার কাজের মাধ্যমে অন্য মেয়েরাও যেন নিজেদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত হয়, সেটাই চাই।”
মডেলিংয়ের বাইরে ছবি আঁকা ও স্কেচ করার প্রতিও ভালোবাসা রয়েছে ইভার। অবসর সময়ে ছবি আঁকার মাধ্যমে নিজের ভাবনা প্রকাশ করতে পছন্দ করেন তিনি।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আশাবাদী ইভা আইন ও মডেলিং-দুই ক্ষেত্রেই নিজের যোগ্যতা, দক্ষতা ও পরিশ্রমের স্বাক্ষর রাখতে চান। তাঁর মূল লক্ষ্য পরিচিতির চেয়ে কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন এবং নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া।
বিআলো/শিলি