আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফেনীর সোনাগাজীর সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে পৌর অডিটোরিয়ামে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর পক্ষ থেকে ২৩ মন্দিরে প্রতিনিধিদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাল্টিমোড গ্রুপের পরিচালক তাজওয়ার এম আউয়াল।
প্রধান অতিথির বক্তব্যে তাজওয়ার এম আউয়াল বলেন, শারদীয় দুর্গোৎসব হলো সম্প্রীতি ও উৎসবের প্রতীক। সোনাগাজীতে ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের যে ঐতিহ্য রয়েছে, তা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। উৎসব যেন সবাই আনন্দে ও নির্ভাবনায় উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম, জেলা যুবদলের সদস্য ও মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব রাসেল হামীদি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মির্জা তামিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর ছিদ্দিক মারুফ প্রমুখ।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অর্থ সহায়তা পেয়ে পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
