নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সমাজের অনিয়ম-দুর্নীতি তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করেন অতিথিরা।
শনিবার (১৭ অক্টোবর) সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দৈনিক মুক্তখবরের সোনারগাঁও উপজেলা প্রতিনিধি মো. শাহিন। প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান।
আলোচনায় বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ। সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম মানুষের অধিকার প্রতিষ্ঠা, অনিয়ম-দুর্নীতি প্রকাশ এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা দৈনিক মুক্তখবরের ধারাবাহিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক হাসান মাহমুদ রিপন, দৈনিক সমকালের সাংবাদিক শাহাদাত হোসেন রতন, দৈনিক আগামীর সময়ের বিল্লাল হোসেন, দৈনিক যায়যায়দিনের কামরুজ্জামান রানা এবং দৈনিক খবরের কাগজের ইমরান হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক এসএম মনির হোসেন, আকাশ মিয়া, আরাফাত হোসেন সিফাত, তৌরব হোসেন, মোতালেব প্রধান ও লতিফুর রহমান দিপুসহ স্থানীয় সাংবাদিকেরা। অনুষ্ঠানে ধামগড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও মেম্বার পদপ্রার্থী মো. শফিকুল, মো. খায়রুল আলম হিরু ও মো. আনোয়ারসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধিরাও অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনে দৈনিক মুক্তখবরের আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ হোক এবং পত্রিকাটি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকদের আস্থা ধরে রাখুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।
এই বাংলা/এমএস
