কালবেলা · general
নরসিংদীতে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ২
১৫/১০/২০২৬

নরসিংদীর রায়পুরায় অটোরিকশাচালক মনির হোসেনকে (১৬) হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় অটোরিকশার ব্যবহৃত ৪টি ব্যাটারি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পিবিআই নরসিংদী জেলার পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলো রায়পুরা উপজেলার ছাত্তার মিয়ার ছেলে আসাদ মিয়া ওরফে এরশাদ (৩৮) ও একই উপজেলার হাঁটুভাঙ্গা এলাকার মোতালিব মিয়ার ছেলে জাহিদুল মিয়া (৩০)। নিহত মনির রায়পুরা উপজেলার চরসুবুদ্দি এলাকার শাহ আলম মিয়ার ছেলে।
পিবিআই জানায়, গত ২৫ সেপ্টেম্বর সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মনির হোসেন। পরে ৫ অক্টোবর উপজেলার আদিয়াবাদ শিকদারপাড়া এলাকার একটি বিলের কচুরিপানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় রায়পুরা থানায় মামলা হলে তদন্তে নামে পিবিআই। পরে ১৪ অক্টোবর বিকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বাগপাড়া বুরুজেরটেক এলাকায় বাছেদ মিয়ার বসতবাড়ি থেকে প্রধান আসামি আসাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে আসাদের দেখানো তথ্যমতে চারটি ১২ ভোল্টের ব্যাটারি উদ্ধার করা হয় এবং একই দিন রাতে কুমিল্লার লালমাই বাজার সংলগ্ন আইটি পার্ক এলাকা থেকে অন্য আসামি জাহিদুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে আসামিরা। গ্রেপ্তার দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত এবং অটোরিকশার অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗