ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে প্রেমিককে হত্যার অভিযোগে অভিযুক্ত ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা দুবে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। তার দাবি, তার প্রেমিক আত্মহত্যা করেছিলেন।
রেস্তোরাঁ ব্যবসায়ী ২৮ বছর বয়সি শিবা শর্মার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। গত শুক্রবার লখনৌয়ে শ্রদ্ধার ফ্ল্যাটের চতুর্থ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই শ্রদ্ধা ও তার বোন পলাতক ছিলেন।
এক মিনিটেরও বেশি সময়ের ওই ভিডিওতে শ্রদ্ধা অনুরোধ করেছেন, তার নাম যেন কারো সঙ্গে না জড়ানো হয়। পাশাপাশি তিনি পুলিশের সঙ্গে সহযোগিতা করতে এবং বিবৃতি দিতে প্রস্তুত বলেও জানান।
ভিডিওতে ওই ইনফ্লুয়েন্সার বলেন, ‘আমি কী অন্যায় করেছি? আমি তো কিছুই করিনি। শিবা শর্মা মামলা সম্পর্কে আমি স্পষ্ট করে বলতে চাই, এটি কোনো হত্যা নয়—এটি আত্মহত্যা ছিল।’
তিনি আরও বলেন, ‘দয়া করে আমার বর্তমান অবস্থা বিবেচনা করুন, আমি ভালো নেই। এই মুহূর্তে আমি শারীরিকভাবে সুস্থ নই। আমার বিনীত অনুরোধ, দয়া করে আমার নাম কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বা রাজনীতিকের সঙ্গে জড়াবেন না, কারণ তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগই নেই।’
পুলিশকে ‘পুরো সত্যি’ জানাতে চান দাবি করে শ্রদ্ধা বলেন, তিনি কোথাও পালিয়ে যাননি এবং কোনো নারী সম্পর্কে কিছু বলার আগে মানুষের শতবার ভাবা উচিত।
এই মামলায় শ্রদ্ধা ছাড়াও তার বোন রেশমি, গাড়িচালক দানিষ, আদিল নামের এক সহযোগীকে আসামি করা হয়েছে।
নিহতের মায়ের অভিযোগ, শ্রদ্ধা তার ছেলেকে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ও সম্মানহানির হুমকি দিয়ে আসছিলেন। এছাড়া তাদের সম্পর্কের সময় শিবা শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও তিনি দাবি করেন।
শ্রদ্ধা দুবে ও তার বোনের সন্ধান দিতে পারলে ২৫ হাজার রুপি করে পুরস্কার ঘোষণা করেছে লখনৌ পুলিশ।