নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি গবেষণার পরিধি আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলা এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উচ্চ বিদ্যালয় মাঠে ‘নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় বিএআরআইয়ের অবদান, বর্তমান অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক উপস্থাপনা ও মতবিনিময় অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বারির প্রধান কার্যালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, কৃষি মন্ত্রণালয়ের সচিব, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক, জেলা প্রশাসক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জেলা পুলিশ সুপারসহ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। পরে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ‘বারি জিন ব্যাংক’ পরিদর্শন করেন।
এ সময় তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং ইনস্টিটিউটের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনীর স্টল ঘুরে দেখেন। মতবিনিময় সভায় রাষ্ট্রপতি দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিবিজ্ঞানীদের অবদানের প্রশংসা করেন। ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনসহ খাদ্য উৎপাদনের নানা প্রতিকূলতা মোকাবিলায় গবেষণা কার্যক্রম সম্প্রসারণের ওপর জোর দেন তিনি। পাশাপাশি কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ তার বক্তব্যে কৃষিপণ্যের সংরক্ষণব্যবস্থা উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশের কৃষিকে বিশ্ববাজারের চাহিদা ও মানদণ্ডের উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারির মহাপরিচালক ড. মঞ্জুরুল কাদের। নিরাপদ খাদ্য উৎপাদন ও পুষ্টি নিরাপত্তায় ইনস্টিটিউটের অবদান, চলমান গবেষণার অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লা। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, কৃষিবিজ্ঞানী, বারির গবেষক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বিআলো/অর্নব