রাজধানীর যাত্রাবাড়ীতে এক নারীর চার টুকরা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করেছে পুলিশ। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রোববার রাত সাড়ে ৩ টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী মীরহারাজিরবাগের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নারীর নাম শিরিন বেগম (৩৫)। তার স্বামীর নাম দুলাল (৫০)।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মো. একেএম মইনুদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে রাতে মীরহাজীরবাগের বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারীর দেহ চার টুকরা করা ছিল। ঘটনাস্থল থেকে নারীর স্বামীকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ওই নারীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ছিল। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রী ঝগড়া করতেন। এর জের ধরে গতরাতে কোনো এক সময় স্বামী দুলাল স্ত্রীকে হত্যা করেন। এরপর ধর থেকে মাথা এবং কোমর থেকে দুই পা আলাদা করে ফেলেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, শিরিন বেগমের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার বিখাখালি গ্রামে। বাবার নাম মৃত-সোহরাব আলী। নিহতের এক ছেলে চট্টগ্রাম ও এক মেয়ে গাজীপুরে থাকেন। তাদের খবর দেওয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।