ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও একহাজার ৩১৯ শিশু।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া সাত শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত একহাজার ৩১৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৬৫ শিশু এবং সন্দেহজনক হামে ১২৫৪শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত শিশুর সংখ্যা ২ লাখ ১৩ হাজার ২৪৪ এবং নিশ্চিত শনাক্ত হামে আক্রান্ত ২৩ হাজার ১২২ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ শিশু। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে মারা গেছে একহাজার ১৯৬ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে একহাজার ৯২ জন এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।
