কালবেলা · আন্তর্জাতিক
ট্রাম্পের ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ভেঙেছে রাশিয়া, অভিযোগ জেলেনস্কির
১২/১০/২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফাভাবে ঘোষিত ‘জ্বালানি যুদ্ধবিরতি’ রাশিয়া লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলা অব্যাহত থাকলে পাল্টা জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
একই সঙ্গে রাশিয়াকে যুদ্ধবিরতি মানতে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ভিডিও লিংকের মাধ্যমে ওয়ারশ নিরাপত্তা ফোরামে বক্তব্য দেওয়ার সময় জেলেনস্কি বলেন, ট্রাম্প ঘোষিত জ্বালানি যুদ্ধবিরতি ইতোমধ্যে রাশিয়া লঙ্ঘন করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কী শর্তে সমঝোতা হয়েছে, তা জানতে অপেক্ষা করছে কিয়েভ।
জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র কার্যকরভাবে হস্তক্ষেপ করে রাশিয়াকে যুদ্ধবিরতি মানতে বাধ্য করলে এটি যুদ্ধ অবসানের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তবে মস্কো জ্বালানি খাতে যুদ্ধবিরতিতে রাজি না হলে ইউক্রেনও পাল্টা ব্যবস্থা নেবে।
রোববার (১১ অক্টোবর) ট্রাম্পের ঘোষণায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া-ইউক্রেনের মধ্যে জ্বালানি খাতে যুদ্ধবিরতি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। এর দুই দিন আগে রুশ ডিজেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।
এ সিদ্ধান্তে ইউরোপের মিত্রদেশগুলো ও কিয়েভ ক্ষোভ প্রকাশ করে। তাদের আশঙ্কা, এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও উৎসাহিত হতে পারেন।
গত কয়েক মাস ধরে রাশিয়া ও ইউক্রেন পরস্পরের জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়ে আসছে। এতে বৈশ্বিক জ্বালানির দামের ওপরও ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে।
এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, গত ৪৮ ঘণ্টায় রাশিয়ার পক্ষ থেকে কার্যকর জ্বালানি যুদ্ধবিরতির কোনো লক্ষণ তিনি দেখেননি। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়াতে ইউরোপীয় অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার সামরিক শিল্পসংশ্লিষ্ট প্রায় ১ হাজার ৬০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা যুক্ত করার ঘোষণা দিয়েছে। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার তালিকায় এটিই সবচেয়ে বড় সম্প্রসারণ।
এদিকে, ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি নাফটোগাজ জানিয়েছে, সোমবার রাতে খারকিভ অঞ্চলে তাদের গ্যাস উৎপাদন স্থাপনায় রাশিয়ার হামলায় অগ্নিকাণ্ড ঘটে এবং গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়।
সূত্র: আর জাজিরা
মূল প্রতিবেদনে যান ↗