পুঁজিবাজার আস্থা ফেরাতে সূচকের টানা উত্থানের বিকল্প নেই
শহীদুল ইসলাম, দেশ প্রতিক্ষণ, ঢাকা: দীর্ঘদিনের অনিয়ম ও বাজার কারসাজি এবং বিনিয়োগকারীদের আস্থার সংকটে ধুঁকছে দেশের পুঁজিবাজার। এ পরিস্থিতি থেকে উত্তরণে নজরদারি জোরদার ও অস্বাভাবিক শেয়ার লেনদেনের তদন্ত দ্রুত শুরু এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে টানা দরপতনের ধারা থেকে ঘুরে দাঁড়ানোর আভাস দিচ্ছে পুঁজিবাজার। যার
ফলে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে সূচকের কিছুটা উত্থান হলেও আতঙ্ক কাটছে না বিনিয়োগকারীদের। কারণ গত দুই মাসে টানা দরপতনে অধিকাংশ বিনিয়োগকারীদের পুঁজি নতুন করে ৫০ থেকে ৬০ শতাংশ উধাও হয়ে গেছে। এ অবস্থায় বিনিয়োগকারীদের মাঝে আস্থা ফেরাতে সূচকের টানা উত্থানের বিকল্প নেই বলে মনে করছেন একাধিক বিনিয়োগকারীরা।
মুলত সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দাম বাড়ার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৩ পয়েন্টে উঠে এসেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০ পয়েন্টে অবস্থান করছে।
মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। তিন’শ কোটি টাকার ঘরে নেমে যাওয়া লেনদেন বেড়ে পাঁচ’শ কোটি টাকা ছাড়য়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৫০২ কোটি ৬৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৬৫ কোটি ৬১ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১৩৭ কোটি ২ লাখ টাকা।
অন্যদিকে, সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৫০টি কোম্পানির মধ্যে ৬৪টির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে ৬৪টির দাম কমেছে এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৬৬ পয়েন্ট। লেনদেন হয়েছে ২১ কোটি ১৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮ কোটি ৭৯ লাখ টাকা।


