লক্ষ্মীপুরের রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ইসমাইল মাহমুদ পাটওয়ারী নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে রায়পুর পৌর শহরের দেনায়েতপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, রাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ইসমাইল মাহমুদ পাটওয়ারী রায়পুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য হিসেবে রয়েছেন। পৌর শহরের ধানহাটাসংলগ্ন নিজ বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করেন তিনি। পাশাপাশি রায়পুর পৌরসভায় সহকারী কর আদায়কারী হিসেবে কর্মরত রয়েছেন।
এ বিষয়ে ইসমাইল মাহমুদ পাটওয়ারীর পরিবারের সদস্যদের বক্তব্য জানতে তাঁর স্ত্রী ও রায়পুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তাহমিনা আক্তারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, রাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ইসমাইল মাহমুদ পাটওয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
The post রায়পুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার appeared first on ভোরের চেতনা.
