টাঙ্গাইলের সখীপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে ময়মনসিংহের ভালুকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়নের ইকুরিয়াপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে সাদ্দাম হোসেন সরকার (৩৫) এবং দাড়িপাকা গ্রামের আবদুর রহমানের ছেলে মজিবর রহমান (৫৫)।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, কিশোরীটি বড়চওনা বাজারে আল আমিন সরকার পরিচালিত একটি একাডেমিতে বাউল গান শিখতে নিয়মিত যাতায়াত করত। এ সময় যাতায়াতের পথে অভিযুক্ত ব্যক্তিরা তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। পরে তাকে ফুসলিয়ে ময়মনসিংহের ভালুকার একটি রিসোর্টে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছে পরিবার।
এ ঘটনায় সখীপুর থানায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে বুধবার দিবাগত রাতে ভালুকা থেকে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, ধর্ষণ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
