
সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে নোয়াখালীতে নতুন শাখা চালু করেছে ব্র্যাক হেলথকেয়ার। ঢাকার বাইরে এটিই প্রতিষ্ঠানটির প্রথম শাখা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নোয়াখালীর মাইজদী কোর্টের প্রধান সড়কের নতুন বাসস্ট্যান্ড এলাকার ৫২৩ নম্বর ভবনে ব্র্যাক হেলথকেয়ারের পঞ্চম শাখার উদ্বোধন করেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক এন্টারপ্রাইজেসের ঊর্ধ্বতন পরিচালক ও ব্র্যাক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান এবং প্রতিষ্ঠানটির প্রধান ড. তৌফিক হাসান সিদ্দিকী।
নতুন এই শাখায় একই ছাদের নিচে পারিবারিক চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য ও সুস্থতা সেবা, পুষ্টি পরামর্শ, ফিজিওথেরাপি, মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শ, দন্তচিকিৎসা ও রোগ নির্ণয় সেবা পাওয়া যাবে। সাশ্রয়ী মূল্যে আন্তরিক পরিবেশে স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে চালু হওয়া কেন্দ্রটি সবার জন্য উন্মুক্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে তামারা হাসান আবেদ বলেন, স্বাস্থ্যসেবা সবার জন্য সহজলভ্য, সাধ্যের মধ্যে এবং মানবিক হওয়া প্রয়োজন। এই বিশ্বাস থেকেই ২০২৩ সালে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু হয়। নতুন কেন্দ্রের উদ্বোধন শুধু একটি শাখা চালু করা নয়, বরং প্রতিষ্ঠানটির জন্য নতুন অধ্যায়ের সূচনা।
তিনি আরও বলেন, গত তিন বছরে ব্র্যাক হেলথকেয়ার সেবা দেওয়ার যে পদ্ধতি তৈরি ও উন্নত করেছে, তা এখন ঢাকার বাইরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার যাত্রা শুরু হলো। বাংলাদেশের মানুষের কাছে সাশ্রয়ী, সহজলভ্য ও মানবিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একটি বিশ্বস্ত স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তোলাই তাদের লক্ষ্য। এ জন্য নতুন নতুন শহরে পৌঁছে মানুষের প্রয়োজন বুঝে মানসম্মত সেবা দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে।
ব্র্যাক এন্টারপ্রাইজেসের ঊর্ধ্বতন পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ব্র্যাক হেলথকেয়ার শুধু চিকিৎসাসেবা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে সেবা নিশ্চিত করার চেষ্টা করে। প্রতিটি সেবার মূল লক্ষ্য রোগীর সুস্থতা। মানবিকতা ও সহমর্মিতার মাধ্যমে রোগীকেন্দ্রিক সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
নোয়াখালীর নতুন শাখায় ন্যায্যমূল্যে মানসম্মত ওষুধ সরবরাহের জন্য আধুনিক মডেল ফার্মেসিও রয়েছে। পাশাপাশি ব্র্যাক হেলথকেয়ারের সেবার মধ্যে রয়েছে দূরবর্তী চিকিৎসা পরামর্শ, বাড়ি থেকে নমুনা সংগ্রহ এবং সাশ্রয়ী মূল্যে গ্রাহকের বাড়িতে প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়ার সুবিধা।
রোগী ও তাঁদের স্বজনদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা নিয়ে পাশে থাকার প্রত্যয় নিয়ে ২০২৩ সালে ঢাকার মিরপুরে যাত্রা শুরু করে ব্র্যাক হেলথকেয়ার। পরে রাজধানীর উত্তরা, সিদ্ধেশ্বরী ও বাড্ডায় আরও তিনটি শাখা চালু করা হয়।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, তিন বছরের কিছু বেশি সময়ে ব্র্যাক হেলথকেয়ারের কেন্দ্রগুলো থেকে সাড়ে চার লাখের বেশি রোগী সেবা নিয়েছেন। তাঁদের মধ্যে ৯৮ হাজারের বেশি রোগী চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। প্রতিষ্ঠানটির সেবায় রোগীদের সন্তুষ্টির হার ৯১ শতাংশের বেশি।
বর্তমানে স্মার্টফোনে ব্র্যাক হেলথকেয়ারের অ্যাপ ব্যবহার করে বিশেষজ্ঞ চিকিৎসকের সাক্ষাতের সময় নেওয়া যাচ্ছে। পাশাপাশি অ্যাপের মাধ্যমে নিজেদের চিকিৎসাসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও প্রয়োজনীয় অন্যান্য স্বাস্থ্যসেবা গ্রহণ করা সম্ভব।
ব্র্যাক হেলথকেয়ারের সেবা সম্পর্কে বিস্তারিত জানতে www.brachealthcare.com ওয়েবসাইটে ভিজিট করা যাবে। এ ছাড়া মোবাইল অ্যাপ ডাউনলোড অথবা ০৯৬৭৮ ১৯১৯১১ ও ১০৬৪৬ নম্বরে যোগাযোগ করা যাবে।
অর্থসূচক/
The post নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের নতুন শাখা চালু appeared first on অর্থসূচক.
