Published : 14 Oct 2026, 07:39 PM
Updated : 14 Oct 2026, 07:39 PM
ইনিংসের ১৯তম ওভারে প্রথম বলেই উইকেটের দেখা পেলেন চ্যাড লেকক। এক বল বিরতি দিয়ে পরের চার ডেলিভারিতে ধরলেন আরও চার শিকার! স্বীকৃত টি-টোয়েন্টিতে এমন একটি রেকর্ডের পাতায় নাম লেখালেন তিনি, যেখানে এর আগে পা পড়েনি দক্ষিণ আফ্রিকার কারো।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সিএসএ প্রো টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন লেকক। টাইটান্সের বিপক্ষে কেএজেডএনের হয়ে এই দুর্দান্ত বোলিং পারফরম্যান্স উপহার দেন তিনি।
পুরুষদের স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার প্রথম ও সব মিলিয়ে চতুর্থ বোলার লেকক।
ইতিহাসে প্রথমবার এই কীর্তি গড়েন বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন। ২০১৩-১৪ মৌসুমে ভিক্টোরি ডে টি-টোয়েন্টি কাপে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে আবাহনী লিমিটেডের বিপক্ষে এক ওভারে পাঁচ উইকেট নেন তিনি।
২০১৯-২০ মৌসুমে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফির সেমি-ফাইনালে এই কীর্তি গড়েন আভিমন্যু মিঠুন। হারিয়ানার বিপক্ষে কার্নাটাকার হয়ে ওভার পাঁচ উইকেট নেন ভারতীয় পেসার।
আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে পাঁচ উইকেট নেওয়া একমাত্র ওভার ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ান্দানা। ২০২৫ সালের ডিসেম্বরে কম্বোডিয়ার বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।
লেককের কীর্তিগড়া বোলিংয়ের শুরু লিউস দু প্লয়কে বোল্ড করে। পরের বলে ডাবল নেন ডেয়ান গালিয়েম। ওভারের তৃতীয় বলে ছক্কার চেষ্টায় ডিপ মিডউইকেটে ধরা পড়েন তিনি। চতুর্থ ডেলিভারিতে আফিউ নিয়ান্ডের স্টাম্প ভেঙে দেন লেকক। পরেরদুই বলে জ্যাঙ্কো স্মিট ও এসোসা আইহেভবাকেও বোল্ড করে দেন তিনি।
এতে হয়ে যায় তার ‘ডাবল হ্যাটট্রিক।’ আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে স্বীকৃতি টি-টোয়েন্টিতে টানা চার বলে চার উইকেট নেওয়া পঞ্চম ক্রিকেটার লেকক। এর আগে শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, আফগানিস্তানের রাশিদ খান, আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার এই কীর্তি গড়েন।
২০২১ সালে আয়ারল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টিতে টানা পাঁচ বলে পাঁচ উইকেট নেন ক্যাম্পার। স্বীকৃতি টি-টোয়েন্টির ইতিহাসে টানা পাঁচ বলে পাঁচ উইকেট নিতে পারেননি আর কেউ।
টাইটান্সের বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারে লুয়ান-ড্রে প্রিটোরিয়াসকে ফেরান লেকক। তার বোলিং ফিগার ছিল ২৬ রান খরচায় ছয় উইকেট। সিএসএ প্রো টোয়েন্টি কাপের ইতিহাসে যা সেরা বোলিংয়ের রেকর্ড। ২০১৪ সালে বিউরান হেনড্রিকসের ২৯ রানে ৬ উইকেট ছিল এতদিন সেরা।
লেককের রেকর্ড গড়া ম্যাচটি জিততে পারেনি কেজেডএন। ২০৫ রানের লক্ষ্য তাড়ায় ২১ রানে হেরে যায় তারা। দুর্দান্ত বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দ্যুতি ছড়ান লেকক। তিনটি চারে ৩১ রান করে অপরাজিত থাকেন তিনি।
