আন্তর্জাতিক বাজারে ব্যাবসায়িক যোগাযোগ সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সম্ভাবনা অনুসন্ধান এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্যে চীনের বৃহৎ আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘ক্যান্টন ফেয়ার’-এ অংশ নিতে যাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের ২১ ব্যবসায়ী। গত শনিবার চীনের উদ্দেশে যাত্রা করেন তারা। দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মনোনীত এ ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের সহসভাপতি আখতারুল ইসলাম রিমন। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মাধ্যমে আন্তর্জাতিক ব্যবসায়ী ও সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের পাশাপাশি জেলার ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। শনিবার চেম্বারের সচিব বঙ্কিম চন্দ্র দাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনের গুয়াংজু শহরে ১৮ অক্টোবর থেকে পাঁচ দিনব্যাপী ক্যান্টন ফেয়ার শুরু হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম বৃহৎ এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা অংশ নিয়ে পণ্য আমদানি-রপ্তানি, নতুন পণ্য ও সরবরাহকারী অনুসন্ধান এবং পারস্পরিক ব্যাবসায়িক সম্পর্ক গড়ে তোলার সুযোগ পাবেন। প্রতিনিধি দলে আরও রয়েছেন পরিচালক রাইহানুল ইসলাম লুনা, নাজিবুর রহমান, আব্দুল বারেক, আরিফ উদ্দিন ইতি ও আব্দুল আওয়াল। এ ছাড়া রয়েছেন সদস্য নাসিম, নাজিমুল হক, আব্দুল ওয়াশি মুহাম্মদ, মাসুম বিল্লাহ, আব্দুল মোমিন, ওমর ফারুক সুমন, ইসমাইল খান শামীম, মামুনুর রশিদ, জাহিদুল ইসলাম, মোহাম্মদ আলী, আলি হাসান মুক্ত, রুবেল আলী, জাহিদ হাসান ও শরিফুল ইসলাম। প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন চেম্বারের সহকারী সচিব জয় কুমার ঘোষ। চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, বর্তমান বিশ্বে ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে বৈশ্বিক বাজারের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।