কিশোর গ্যাংয়ের অপরাধ প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমিটির সভাপতি এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার (১৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশের বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবার, মারামারি, আধিপত্য বিস্তার ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানও জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কিশোর গ্যাংয়ের অপরাধ মোকাবিলায় বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা উঠে এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদনেও।
সম্প্রতি পুলিশের একটি উচ্চপর্যায়ের কমিটি কিশোর গ্যাংয়ের তৎপরতার পাশাপাশি সংঘবদ্ধ অপরাধ, সহিংসতা ও ডিজিটাল প্রতারণাকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে।
