নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বসিত বাদাম বিক্রেতা রাজু গাজী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর পর আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি কার সঙ্গে কথা কলাম, আমার জীবন সার্থক। বাদাম বেচি, বাংলাদেশের সরকারপ্রধান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলাইছি, আর কি লাগে।’
বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর পর এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেন স্থানীয় ভ্রাম্যমাণ বাদাম বিক্রেতা রাজু গাজী।
প্রধানমন্ত্রীর আগমনের খবর পেয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণের আশায় সরকারপ্রধানের সঙ্গে হাত মেলাতে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে যান রাজু গাজী। একপর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন তিনি।
এদিন সকাল ১০টা ২৮ মিনিটে হেলিকপ্টারে চেপে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সেখান থেকে পায়ে হেঁটে নলিয়ান কোস্টগার্ডের পন্টুনের দিকে যান তিনি।
এ সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। নেতাকর্মীরাও বিভিন্ন স্লোগান দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
পন্টুনের দিকে যাওয়ার পথে অনেকের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী। আবার অনেকের মাথায় হাত বুলিয়ে দেন তিনি। এ সময় স্থানীয় বাদাম বিক্রেতা রাজু গাজীর সঙ্গেও হাত মেলান সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর রাজু বলেন, ‘অসংখ্য ধন্যবাদ স্যার। আমার খুব ভালো লাগছে।’
সকাল ১০টা ৪৮ মিনিটে পন্টুন থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর ১২টা ৫৫ মিনিটে নৌপথে বানৌজা মোংলার জেটিতে পৌঁছান তিনি।
বিকালে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে সেখানে প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকাও ঘুরে দেখবেন তিনি।
উল্লেখ্য, দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকালেই মোংলার হেলিপ্যাড থেকে আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
