ইবাদতের কবুলিয়ত নির্ভর করে নিয়তের বিশুদ্ধতার ওপর: ছারছীনা পীর
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৪৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ইবাদতের প্রকৃত মূল্য ও কবুলিয়ত নির্ভর করে নিয়তের বিশুদ্ধতার ওপর। নিয়ত একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে না হলে ইবাদত থেকে প্রকৃত শিক্ষা ও আত্মিক উপকার পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন আমীরে হিযবুল্লাহ আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন।
বুধবার নারায়ণগঞ্জের বন্দর থানার মিরকুন্ডী দারুসসুন্নাত ছালেহীয়া দীনিয়া কমপ্লেক্স ও ডা. ইয়াসির হাসান শেখ হাফিজিয়া মাদ্রাসায় তাঁর আগমন উপলক্ষে আয়োজিত ইছালে ছওয়াব ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিরকুন্ডী কবরস্থানসংলগ্ন ঈদগাহ মাঠে গ্রামের সর্বস্তরের মানুষের উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।
ছারছীনা পীর বলেন, যেকোনো নেক আমলের প্রথম শর্ত হলো ইখলাস বা নিয়তের বিশুদ্ধতা। ইবাদতে লোকদেখানো মনোভাব, দুনিয়াবি নাম-যশের আকাঙ্ক্ষা কিংবা অহংকার প্রবেশ করলে মানুষ এর প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হয়। এতে তাকওয়া, আত্মশুদ্ধি ও চরিত্র গঠনের মতো গুণ অর্জন বাধাগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে অনেকে আমলের বাহ্যিক রূপের প্রতি যতটা মনোযোগী, অন্তরের বিশুদ্ধতার প্রতি ততটা যত্নবান নন। হিংসা, অহংকার ও লোকদেখানো মনোভাব থেকে অন্তরকে মুক্ত রাখতে না পারলে ইবাদত কেবল প্রথাগত অনুশীলনে পরিণত হয়। তাই যেকোনো ভালো কাজ শুরুর আগে নিয়ত বিশুদ্ধ করা জরুরি।
মাহফিলে আরও আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়ার নায়েবে মুদির মাওলানা মো. মামুনুল হক এবং পীরের সফরসঙ্গী মাওলানা মো. মোহেব্বুল্লাহ আল মাহমুদ।
বাদ আসর শুরু হওয়া মাহফিল চলে গভীর রাত পর্যন্ত। শেষে মুসলিম উম্মাহর হেদায়েত ও ঐক্য এবং দেশ ও জাতির শান্তি-কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ছারছীনা পীর।
