ঝিনাইদহ প্রতিনিধি
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হতে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
আজ সোমবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন শেষে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আগে যেভাবে এমপিওভুক্ত শিক্ষকেরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতেন, এখন পর্যন্ত সেই ভাবেই তাঁরা অংশ নিতে পারবেন। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সরকার আশাবাদী।’ এ নিয়ে সরকারের ওপর আস্থা রাখার আহবান জানান তিনি।
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে সরকারের অবস্থান প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করে থাকে, তবে সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়।’
এর আগে সকালে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন আইনমন্ত্রী। সেসময় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

