ডেইলি সিলেট ডট কম :: প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২৬, ৮:০৬ অপরাহ্ন | ৮:০৬ অপরাহ্ন
| ০
ডেইলি সিলেট ডেস্ক ::
মাদারীপুরের কালকিনি উপজেলায় বোরকা পরে আসা কয়েকজন হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে দুই ভাইয়ের ওপর হামলা চালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ সময় ধাওয়া দিয়ে হামলাকারীদের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।
নিহত তাইজুল সরদার (২২) সদর উপজেলার চর কুলপদ্বী এলাকার প্রয়াত রুস্তুম আলী সরদারের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
আহত মহসিন চৌকিদার ও জহির চৌকিদার উপজেলার কালিনগরের মোতালেব চৌকিদারের ছেলে। আরেক আহত আল আমিন সরদার সদর উপজেলার কুলপদ্বী এলাকার বারেক সরদারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষ দর্শীরা জানান, সকালে কালিগঞ্জ বাজারের হানিফ হাওলাদারের চায়ের দোকানে মহসিন ও জহিরসহ আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার আড্ডা দিচ্ছিলেন।
এ সময় বোরকা পরে ইজিবাইকে আসা কয়েকজন হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে জহির ও মহসিনকে কুপিয়ে জখম করেন। পরে হামলাকারীদের ধাওয়া দিয়ে তাইজুল ও আল আমিনকে পিটুনি দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
আহত চারজনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাইজুল মারা যান।
এ ছাড়া গুরুতর আহত দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, তাইজুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন
- ফেইসবুক
- টুইটার
- গুগল প্লাস
- ইমেইল
সংবাদটি শেয়ার করুন:
