‘নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই’
বাগেরহাট প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:০৫:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ০ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
“সমাজকে সুন্দর, শান্তিময় ও অপরাধমুক্ত রাখতে এবং মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং ব্যবস্থার কোনো বিকল্প নেই,” বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব মো: আলী হোসেন ফকির।
বাগেরহাটে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও কিশোর গ্যাং প্রতিরোধের লক্ষ্যে আয়োজিত এক বিশাল “কমিউনিটি পুলিশিং সমাবেশ”-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাগেরহাট জেলা পুলিশের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগদানের শুরুতেই প্রধান অতিথি প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন।
বাগেরহাটের জেলা পুলিশ সুপার জনাব মো: জামিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মো: রেজাউল করিম এবং বাগেরহাটের জেলা প্রশাসক জনাব গোলাম মোহাম্মাদ বাতেন।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি মো: আলী হোসেন ফকির আরও উল্লেখ করেন, কেবল পুলিশের একক প্রচেষ্টায় সমাজ থেকে সব ধরণের অপরাধ নির্মূল করা সম্ভব নয়। সাধারণ জনগণ ও পুলিশের যৌথ উদ্যোগ ও পারস্পরিক আস্থাই পারে একটি নিরাপদ ও সুশাসিত সমাজ গড়ে তুলতে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা রেঞ্জের ডিআইজি মো: রেজাউল করিম, জেলা প্রশাসক গোলাম মোহাম্মাদ বাতেন, বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যক্ষ এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো: আবু সাইদ (শুনু)। এছাড়া বিভিন্ন উপজেলা পুলিশিং কমিটির আহ্বায়ক শেখ সিদ্দিকুর রহমান, এস এম আবদুল্লাহ ও মো: ওহিদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।
বক্তারা সমাজ থেকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও দুর্নীতি চিরতরে নির্মূল করতে দলমত নির্বিশেষে সকলকে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান। একই সাথে তৃণমূল ও মাঠ পর্যায়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
সমাবেশ শেষে প্রধান অতিথি ও উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে অংশ নেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
