ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন ম্যানেজারকে (৫০) কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে আসিফ (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার পর উত্তেজিত জনতার গণপিটুনিতে গুরুতর আহত আসিফ চিকিৎসারত অবস্থায় ভোলা সদর হাসপাতালে মারা গেছেন।
জানা গেছে, নিহত আসিফ রাজাপুর এলাকার মো. দলু মিয়া ও হালিমা বেগম দম্পতির ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গতকাল শনিবার সন্ধ্যায় রাজাপুরের আনন্দবাজার এলাকায় হোসেন ম্যানেজারের ওপর হামলার ঘটনা ঘটে। সেখানে হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ ও উত্তেজিত জনতা অভিযুক্ত আসিফকে ধরে গণপিটুনি দেয়।
পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মারাত্মক আহত অবস্থায় আসিফকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার ভোররাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে কুপিয়ে জখম হওয়া বিএনপি নেতা হোসেন ম্যানেজার বর্তমানে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক বশির আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিলো। ভোরে হাসপাতালে তার মৃত্যু হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
এ ঘটনায় এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
