নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামে স্ত্রীর মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা পর মারা গেছেন স্বামী রোমান মোল্যা। বাড়িতে স্ত্রীর মরদেহ রেখে ফজরের নামাজের আজান দিতে মসজিদে যান তিনি। সেখানে নামাজের মধ্যে অসুস্থ হয়ে মারা যান।
রোমান মোল্যা (৬০) ও তার স্ত্রী নিলুফ বেগম (৫০) মালিডাঙ্গা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার স্ত্রী নিলুফ বেগম (৫০) প্রায় সাত বছর ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত। মাঝে-মধ্যে একটু সুস্থ হলেও প্রায় সময়ই অসুস্থ থাকতেন তিনি। গত শনিবার (১০ অক্টোবর) রাত ২টার দিকে নিজ বাড়িতে মারা যান রোমান মোল্যা স্ত্রী।
ঘরে স্ত্রীর মরদেহ রেখে ফজরের নামাজের আজান দিতে ও নামাজ পড়তে মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদে যান তিনি। ওই মসজিদের নিয়মিত মোয়াজ্জিন রোমান মোল্যা নামাজের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন। অন্য মুসল্লিরা তাকে সেবা দিয়ে সুস্থ করার চেষ্টা করলেও একপর্যায়ে মারা যান তিনি।
তুলারামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়নের সদস্য জাহাঙ্গীর কাজী বলেন, মালিডাঙ্গা দক্ষিণপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ওই গ্রামের রোমান মোল্যার স্ত্রী নিলুফ বেগম (৫০) শনিবার রাতে অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। রোববার ভোরে স্ত্রীর মরদেহর বাড়িতে রেখে ফজরের আজান দিতে ও নামাজ পড়তে মসজিদে যান তিনি। সেখানে নামাজের মধ্যেই তিনি মারা যান।
তুলারামপুর ইউনিয়নের বাসিন্দা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার (১১ অক্টোবর) জোহর নামাজের পর দুজনের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
