Published on
:
1 min read
সাগর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এবং সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রাক্তন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার জামাই স্বপন প্রধানকে মারধরের অভিযোগে চাঞ্চল্য ছড়াল। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের কালীবাজার এলাকায়। অভিযোগ, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আমলে স্বপন সরকারি ক্ষমতার অপব্যবহার করে এলাকার মানুষের উপরে যথেচ্ছ অত্যাচার করেছেন। এমনকী, বহু জমি বেআইনি ভাবে দখল করে নিয়েছেন বলেও অভিযোগ। ৪ মে ভোটের ফল ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন স্বপন। রবিবার এলাকায় ফিরতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। চড়-থাপ্পড়ও মারা হয় বলে অভিযোগ। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
বিজেপি-র স্থানীয় নেতা রাজু মণ্ডলের অভিযোগ, ক্ষমতায় থাকাকালীন বিরোধী দলের কর্মী ও সমর্থকদের উপরে অত্যাচার করতেন স্বপন। এমনকী বেআইনি ভাবে একাধিক মানুষের জমিও দখল করে নিয়েছিলেন তিনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এলাকার মহিলাদের উদ্দেশে কটূক্তি এবং তাঁদের খুন করার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে স্বপনের বিরুদ্ধে।
স্থানীয়রা জানিয়েছেন, ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পরে থেকে এলাকায় দেখা যাচ্ছিল না স্বপনকে। রবিবার তিনি এলাকায় ফিরতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ক্ষোভের বশে স্বপনকে মারধরও করেন তাঁরা। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। স্বপনকে থানায় নিয়ে যায় পুলিশ। সূত্রের খবর, স্বপনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা।
অভিযোগের ভিত্তিতে তদন্ত করে স্বপনের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই ঘটনায় প্রাক্তন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি।
