বাসস, ঢাকা
অর্থনৈতিক অংশীদারত্ব গভীর করা এবং সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে স্পেন ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামীকাল সোমবার শুরু হতে যাওয়া এ সরকারি সফরে তিনি বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, দক্ষতা উন্নয়ন ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আজ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ সফর চলবে।
সফরের শুরুতে স্পেনের সেভিলে তৃতীয় ‘স্পেন-বাংলাদেশ এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন শামা ওবায়েদ। স্পেন-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসবিসিসিআই) আয়োজিত এ এক্সপোর প্রতিপাদ্য ‘শক্তিশালী অংশীদারত্ব, অভিন্ন সমৃদ্ধি’।
বাংলাদেশের রপ্তানিকারকদের সঙ্গে স্পেনের উৎপাদক, আমদানিকারক ও বিনিয়োগকারীদের সংযোগ স্থাপন এবং বাণিজ্য ও বিনিয়োগে নতুন অংশীদারত্বের সুযোগ তৈরি করা এ আয়োজনের লক্ষ্য।
স্পেনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর ২৯ ও ৩০ অক্টোবর যুক্তরাজ্য সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সেখানে বাংলাদেশের শিল্পকলা ও সংস্কৃতির প্রচার, আন্তর্জাতিক সাংস্কৃতিক অংশীদারত্ব সম্প্রসারণ এবং সৃজনশীল অর্থনীতির বিকাশের সম্ভাবনা নিয়ে তাঁর কর্মসূচি সাজানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সফরের মধ্য দিয়ে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক কূটনীতি এগিয়ে নেওয়া, বিনিয়োগ আকর্ষণ এবং সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে বাংলাদেশের অঙ্গীকার প্রতিফলিত হবে।

