ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর অভিযানে ১০০ কেজি গাঁজাসহ মো. সাকিব মিয়া (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বহন ও বিক্রির সঙ্গে জড়িত আরও ৫-৬ জন পালিয়ে যেতে সক্ষম হন।
সোমবার (১৯ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার বিষ্ণুপুর এলাকার একটি পাকা সড়কে এই অভিযান চালানো হয়।
এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিষ্ণুপুর এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবির একটি আভিযানিক দল। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি গাঁজাবোঝাই চটের বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে মো. সাকিব মিয়াকে হাতেনাতে আটক করা হয়। তবে অভিযানের সময় আরও ৫-৬ জন পালিয়ে যান।
অভিযানকালে ফেলে যাওয়া ১০টি চটের বস্তা তল্লাশি করে নীল পলিথিনে মোড়ানো এবং খাকি রঙের স্কচটেপ দিয়ে প্যাঁচানো মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সাকিব মিয়া বিজয়নগর উপজেলার বাসিন্দা এবং তাঁর বাবার নাম মাসুদ মিয়া। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, তিনি ও পলাতক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।
এসআরবি কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে এবং পলাতক ব্যক্তিদের সংশ্লিষ্টতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর প্রযোজ্য ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার যুবক ও জব্দকৃত মাদক বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব
