নিয়োগের মাত্র পাঁচ দিন পর চাকরি হারিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া। গত সপ্তাহে ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। কিন্তু এক সপ্তাহ না যেতেই চাকরি হারালেন ডোনাল্ড ট্রাম্পের এই মুখপাত্র।
বরখাস্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি বার্তা দিয়েছেন কেটি জাকারিয়া। সেখানে তিনি ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন। ট্রাম্পের সঙ্গে কাজ করাকে সম্মানের বিষয় মনে করেন তিনি।
জাকারিয়া লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প একজন দয়ালু, চমৎকার, সৌজন্যশীল, বিবেচক, উদ্যমী এবং কঠোর পরিশ্রমী মানুষ। আমার ইচ্ছে হয়, আরও বেশি আমেরিকান যদি তাকে যথাযথ মূল্যায়ন করতেন!’
তিনি আরও বলেন, ‘তিনি যেভাবে আমেরিকাকে মহান করেছেন এবং এখনো করে চলেছেন, অন্য কেউ তা কখনো পারবে না।’
জাকারিয়া যোগ করেন, ‘তার (ট্রাম্প) জন্য কাজ করতে পারাটা ছিল সম্মানের।’
এর আগে শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি জাকারিয়াকে তার চাকরির বিষয়টি ‘পুনর্বিবেচনা’ করার পরামর্শ দিয়েছিলেন। ট্রাম্প দাবি করেন, ‘গণমাধ্যম তার সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেছে।’
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এর আগে আনাদোলুকে নিশ্চিত করেছিলেন, জাকারিয়া দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।
মঙ্গলবার হোয়াইট হাউসে জাকারিয়ার প্রথম ব্রিফিংটি ১৫ মিনিট স্থায়ী ছিল। ব্রিফিংটি সংক্ষিপ্ত করার আগে তিনি মাত্র তিনটি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিয়েছিলেন। সূত্র: আনাদোলু