বিরোধিতা করতে গিয়ে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, দেশের মানুষের স্বার্থে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে দ্বিমত পোষণের সুযোগ নেই।
সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন এবং উদ্যানের আধুনিকায়নকাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
বিরোধী দলের সমালোচনা করে তারেক রহমান বলেন, বিরোধী দল বিরোধিতা করার জন্যই বিরোধিতা করছে। জুলাইয়ের চেতনাকে ধারণ না করার কারণেই তারা জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েও অংশ নেয়নি বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, বিরোধী দল আবারও আগের অবস্থানে ফিরে গেছে। এ সময় তিনি দলটিকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, সব বিষয়ে একমত না হলেও দেশের মানুষের স্বার্থে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা উচিত নয়।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলন—উভয়ের লক্ষ্য ছিল মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা।
জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, জুলাই স্মৃতিস্তম্ভে ৮১৩ জন শহীদের নাম লিপিবদ্ধ রয়েছে। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা পেয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে জাতীয়তাবাদী দলকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আগামী পাঁচ বছর এই সরকার দেশ পরিচালনা করবে।
এদিকে, ডেঙ্গু প্রতিরোধে দলমত-নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এডিস মশা সরকারি দল কিংবা বিরোধী দল চেনে না। তাই ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে বিরোধী দলসহ সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় হাসপাতালগুলোতে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার জন্য চিকিৎসকদের নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
