কালবেলা · সাধারণ
ইআবি অধিভুক্ত মাদ্রাসার ফি কমানোর আশ্বাস ভাইস চ্যান্সেলরের
১৮/১০/২০২৬

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাদ্রাসার বিভিন্ন কোর্সের পরীক্ষা ফি কমানোর আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যানসেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।
রোববার (১৮ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন পাবলিক পরীক্ষার ফি পুনর্নির্ধারণ সংক্রান্ত জেলা পর্যায়ের অধিভুক্ত মাদ্রাসার অধ্যক্ষদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
ভাইস চ্যানসেলর বলেন, ‘মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেকোনো যৌক্তিক দাবি মেনে নিতে আন্তরিক। তবে দাবি যৌক্তিক পর্যায়ে হতে হবে।
তিনি আরও বলেন,ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় মাদ্রাসা উচ্চশিক্ষার একটি বিশ্বস্ত শিক্ষা ও গবেষণার প্লাটফর্ম। বর্তমান ফাজিল পাস ও কামিল মাস্টার্স কোর্স আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার সাথে সমন্বয় করে তৈরি করা হয়েছে। এতে কোর্স সংখ্যা বেড়েছে। ফাজিল পাস কোর্সে আগে ছিল ৪টি, বর্তমানে হয়েছে ৭টি। কামিলেও আগে ছিল ৪টি, বর্তমানে ৭টি। কোর্স বাড়ার কারণেই ফরম পূরণের ফি বৃদ্ধি পেয়েছে।
মতবিনিময় সভায় আগত অধ্যক্ষগণ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি নবায়ন ফি, পরীক্ষা ফি, রেজিস্ট্রেশন ফিসহ বিভিন্ন ধরনের ফি কমানোর জন্য তাদের দাবি উপস্থাপন করেন। অধ্যক্ষদের দাবির প্রতি সম্মান জানিয়ে ভাইস চ্যানসেলর যৌক্তিক পর্যায়ে ফি কমানোর আশা প্রকাশ করেন এবং মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
রেজিস্ট্রার ড. এ. কে. মুহা. নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যানসেলর (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যানসেলর (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ গোলাম রব্বানী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড. আবুল হোসাইন মুহাম্মদ নুরুল ইসলাম, মাদ্রাসা পরিদর্শক (অতি. দা.) প্রফেসর ড. হুসাইন আহমাদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মো. আবু বকর ছিদ্দিক, উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (অতি. দা.) মো. জিয়াউর রহমানসহ জেলা পর্যায়ের মাদ্রাসার অধ্যক্ষগণ।
মূল প্রতিবেদনে যান ↗