মৌলভীবাজার২৪ ডেস্ক মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র (চায়নিজ চাকু), ইয়াবা, বিদেশী মদ ও নগদ টাকাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের পরিদর্শক (ওসি) অমল কুমার সেনের নেতৃত্বে এবং স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় পৌর এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল পৌর এলাকার শাপলা বাগ এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল। এ সময় ওই এলাকার চিহ্নিত ও কুখ্যাত নারী মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার কাছে তল্লাশি চালিয়ে ১ টি চায়নিজ চাকু, ৭০পিস ইয়াবা মাদক বিক্রির নগদ ৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
অপরদিকে, শহরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সুজিত দাসকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বোতল উদ্ধারকৃত বিদেশি মদ জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার সেন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
