চট্টগ্রামের সাতকানিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কেরানীহাটে মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কেরানীহাট-বান্দরবান সড়কের কেরানীহাট-ঢেমশা অংশে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব দাশ পুরকায়স্থ। এ সময় সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও অস্থায়ী স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কেরানীহাটে সড়কের পাশে হকার ও ব্যবসায়ীরা দোকান বসিয়ে ব্যবসা করে আসছিলেন। দোকানের সামনে পণ্যসামগ্রী রাখা, ক্রেতাদের ভিড় এবং সড়কের পাশে যানবাহন দাঁড় করিয়ে রাখার কারণে যান চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ে। এতে ব্যস্ত সময়ে যানজটের সৃষ্টি হয়ে যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হতো।
বিশেষ করে কেরানীহাট-ঢেমশা অংশে অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনার কারণে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল।
অভিযানের পর সড়কের পাশের জায়গা উন্মুক্ত হওয়ায় চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে বলে জানান স্থানীয়রা। তবে উচ্ছেদ করা জায়গায় পুনরায় অবৈধ স্থাপনা গড়ে ওঠা ঠেকাতে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ বলেন, মহাসড়ক ও সড়কের জায়গা দখল করে অবৈধভাবে দোকানপাট বা স্থাপনা গড়ে তোলার সুযোগ নেই। জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখা এবং যানজট নিরসনে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। উচ্ছেদ করা জায়গায় যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়েও নজরদারি করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দীকি, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, দোহাজারী সড়ক উপবিভাগের সিভিল প্রকৌশলী তৌহিদুল বারী এবং সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম প্রমুখ।
ইএন/এসএ
