বিজয়া দশমীতে দেবী দুর্গাকে বিদায় জানাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে ভিড় করেছেন ভক্ত ও দর্শনার্থীরা। সিঁদুর খেলায় অংশ নিচ্ছেন নারীরা, আর ঢাকের বাদ্য ও গানের তালে নাচে মেতেছেন ভক্তরা। উৎসবের আনন্দের সঙ্গে দেবীকে বিদায়ের আবেগও ছুঁয়ে যাচ্ছে তাদের।
বুধবার (২১ অক্টোবর) দুর্গোৎসবের শেষ দিনে মন্দির প্রাঙ্গণে চলছে নানা ধর্মীয় ও উৎসবের আনুষ্ঠানিকতা।
দেশের অন্যান্য পূজামণ্ডপে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি চললেও ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হবে না। স্থায়ী মন্দির হওয়ায় প্রতিমা এখানেই থাকবে। পরিবর্তে ধর্মীয় রীতি অনুযায়ী অনুষ্ঠিত হবে ঘট বিসর্জন।
বিজয়া দশমীতে সিঁদুর খেলা হিন্দু সম্প্রদায়ের অন্যতম ঐতিহ্যবাহী আয়োজন। এতে নারীরা একে অপরকে সিঁদুর পরিয়ে বিজয়ার শুভেচ্ছা জানান। অন্যদিকে ঢাকের বাদ্য ও গানের তালে ভক্তদের নাচে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে মন্দির প্রাঙ্গণে। পূজার শেষ দিনের এসব আয়োজনের মধ্য দিয়ে একদিকে যেমন আনন্দ ভাগাভাগি করছেন ভক্তরা, অন্যদিকে তেমনি দেবীকে বিদায় জানানোর প্রস্তুতিও নিচ্ছেন তারা।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে প্রতিমা বিসর্জনের পরিবর্তে ঘট বিসর্জনের রীতি দীর্ঘদিনের। পূজা উদ্যাপন কমিটির সভাপতি সাংবাদিক বাসুদেব বলেন, মন্দিরটি স্থায়ী হওয়ায় এখানে প্রতিমা বিসর্জন দেওয়া হয় না। পূজার আনুষ্ঠানিকতা শেষে ঘট বিসর্জনের মধ্য দিয়ে ধর্মীয় রীতি অনুসরণ করা হয়।
কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট বিনয় কুমার দাস বিটু বলেন, বিজয়া দশমী ভক্তদের জন্য আনন্দ ও আবেগের দিন। দেবীকে বিদায় জানানো হলেও তার আশীর্বাদ ও উপস্থিতির অনুভূতি ভক্তদের মনে থেকে যায়। প্রতিমা মন্দিরে থাকায় সারা বছরই ভক্তরা দেবীকে দর্শন করতে পারবেন।
বিজয়া দশমীতে দেবী দুর্গার পূজা শেষে ভক্তদের মধ্যে শুভেচ্ছা বিনিময়, কোলাকুলি ও মিষ্টিমুখের প্রচলন রয়েছে। পাঁচ দিনের দুর্গোৎসবের নানা আয়োজন শেষে এদিন দেবীকে বিদায় জানানোর মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটে। ভক্তদের বিশ্বাস, অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠার বার্তা নিয়ে দেবী দুর্গার আগমন ঘটে। পূজা শেষে দেবী কৈলাসে ফিরে গেলেও আগামী বছর আবারও তার আগমনের অপেক্ষায় থাকবেন তারা।
ঢাকেশ্বরী মন্দিরে প্রতিমা বিসর্জন না হলেও সিঁদুর খেলা, নাচ-গান, প্রার্থনা ও ঘট বিসর্জনের আনুষ্ঠানিকতায় উদ্যাপিত হচ্ছে বিজয়া দশমী। উৎসবের আনন্দের পাশাপাশি দেবীকে বিদায়ের আবেগ নিয়েই শেষ হচ্ছে এবারের শারদীয় দুর্গোৎসব।
