কালবেলা · সাধারণ
চট্টগ্রামে ১৭ জনকে জিম্মি করে ‘দুর্ধর্ষ’ ডাকাতি
১৭/১০/২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে আইপিএল ইন্টারন্যাশনাল বিডি প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। দুই চীনা নাগরিকসহ ১৭ জনকে জিম্মি করে ২০-২২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল এই কাণ্ড ঘটায়। অভিযোগ উঠেছে, এসময় প্রতিষ্ঠানে হামলার পাশাপাশি নগদ প্রায় ২০ লাখ টাকা লুট করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে টেরিয়াইল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ২ চীনা নাগরিক হলেন প্রকৌশলী মিস্টার মা (২৭) ও ইলেকট্রিশিয়ান উফ্যাংলি (৩৫)।
প্রতিষ্ঠানের ম্যানেজার শামসুল আরেফিন বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অস্ত্রধারী ডাকাত দল প্রতিষ্ঠানে ঢুকে দুই চীনা নাগরিকসহ ১৭ জনকে একটি রুমের মধ্যে হাত-পা ও চোখ বেঁধে জিম্মি করে ফেলে। তাদের রশি দিয়ে বেঁধে মারধর করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করা হয়েছে। প্রায় দুই ঘণ্টা ধরে লুট করা হয়।
তিনি আরও জানান, হামলায় ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা বলা যাচ্ছে না। কিন্তু নগদ ২০ লাখ টাকাসহ অনেক মালামাল নিয়ে গেছে।
হামলায় আহত কালাম নামের এক শ্রমিক বলেন, আমাদের রুমের মধ্যে শ্রমিকদের ব্যক্তিগত যে টাকা ছিল, সেগুলোও নিয়ে গেছে।
চীনা নাগরিক মিস্টার মা বলেন, ডাকাতের দল দেশীয় অস্ত্র ও পিস্তল ধরে আমাদের জিম্মি করে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। আমার পায়ে আঘাত করে। আমার ব্যক্তিগত ল্যাপটপটিও তারা নিয়ে যায়। আমরা অসহায় বোধ করছি।
সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মো. মহিনুল ইসলাম বলেন, একটি সংঘবদ্ধ দল এ হামলার ঘটায়। বিষয়টি জানার পরে ঘটনাস্থলে যাই, বর্তমানে তদন্ত করা হচ্ছে।
মূল প্রতিবেদনে যান ↗