স্বর্ণপদকের বৃষ্টি। সঙ্গে একরাশ পদক। বৃহস্পতিবার এশিয়ান প্যারা গেমসে অভূতপূর্ব সাফল্য ভারতের প্যারা ক্রীড়াবিদদের। একদিনে ৭টি সোনা-সহ ২৬টি পদক জিতল ভারত। অভূতপূর্ব সাফল্যের সুবাদে এশিয়ান প্যারা গেমসের পদক তালিকায় টিম ইন্ডিয়া উঠে এল চতুর্থ স্থানে।
বুধবার একদিনে পাঁচ সোনা-সহ ২২টি পদক জেতে ভারত। পাঁচটি সোনাই আসে আথলেটিক্স থেকে। তারকা পারফর্মার মহিলা ক্রীড়াবিদ সিমরন শর্মা। তিনি মহিলাদের ১০০ মিটার টি-১২ ক্যাটাগরিতে সোনা জেতেন। পুরুষদের শটপাটে এফ-৪৬ ক্যাটাগরিতে সোনা জেতেন শচীন খিলাড়ি। পুরুষদের ১০০ মিটার টি৪৭ দৌড়ে সোনা জেতেন দিলীপ গাভিত। এছাড়াও পুরুষদের হাই জাম্পে টি৪৪/৬৪ ইভেন্টে গেমস রেকর্ড গড়ে সোনা জেতেন প্রবীণ কুমার। শট পাটের এফ৫৩ ইভেন্টে সোনা জেতেন আয়ুষ বর্মা।
বৃহস্পতিবার সেই সাফল্যকেও ছাপিয়ে গেল টিম ইন্ডিয়া। এদিন মোট ৭টি সোনা-সহ ২৬টি সোনা জেতে ভারতীয় দল। এদিন তিরন্দাজির প্যারা কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে সোনা জিতলেন শীতল দেবী এবং তোমন কুমার। ফাইনালে ইন্দোনেশিয়ার জুটিকে ১৫১-১৪৮ পয়েন্টে হারিয়ে সেরার শিরোপা জিতে নিলেন তাঁরা। এর পর ব্যক্তিগত ইভেন্টেও সিঙ্গাপুরের আলিম নূরকে হারিয়ে সোনা জেতেন শীতল। এর আগে ডিসকাস মহিলাদের এফ৫৪ ডিসকাস থ্রোয়ে সোনা জিতেছেন সুবর্ণা রাজ। এদিন গেমসে নিজের দ্বিতীয় সোনাটি জিতেছেন দিলীপ গোভিটও। ৪০০ মিটার টি৪৭ ফাইনালে রেকর্ড গড়েছেন তিনি। লং জাম্পে ধর্মরাজ সোলারাইজ গেমসের রেকর্ড গড়ে সোনা জিতেছেন। হাই জাম্পের টি-৬৩ ইভেন্টে শৈলেশ কুমারও সোনা পেয়েছেন।
একদিনে রেকর্ড সংখ্যক পদক জয়ের সুবাদে প্যারা এশিয়াডের পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এল ভারতীয় দল। এই মুহূর্তে ২১টি সোনা-সহ ৮৮টি পদক রয়েছে ভারতের। ৩১৩ পদক নিয়ে চিন প্রথম স্থানে। দ্বিতীয় স্থানে জাপানের পদক সংখ্যা ১৩৬। তৃতীয় স্থানে উজবেকিস্তান। তাদের পদকসংখ্যা ১১৭। ভারতের পর রয়েছে দক্ষিণ কোরিয়া। তাদের হাতে ২১ সোনা-সহ ৭০টি পদক।
