ছবির প্রযোজক আদিত্য কুমার হালওয়াসিয়া এবং পরিচালক মধুর ভান্ডারকরছবি: সংগৃহীত
Published on
:
1 min read
পরিচালক মধুর ভান্ডারকরের পরবর্তী ছবির বিষয়বস্তু দেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর আসন্ন ছবি ‘দ্য ওয়াইভস অফ বলিউড’-এর কাজ শেষ করার পর এ বার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও রাজনৈতিক আদর্শকে বড় পর্দায় তুলে ধরতে চলেছেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক।
ছবির নাম রাখা হয়েছে ‘শ্যামা – দ্য মিসিং চ্যাপ্টার’ (Syama – The Missing Chapter)। প্রযোজকদের দাবি, এই ছবির মাধ্যমে ইতিহাসের এমন একটি অধ্যায়কে দর্শকের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে, যা ভারতীয় রাজনীতির গতিপথের সঙ্গে গভীর ভাবে জড়িত।
ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন আদিত্য কুমার হালওয়াসিয়া। মধুর ভান্ডারকর এন্টারটেনমেন্ট এবং এ কে এইচ ভেঞ্চার্সের যৌথ প্রযোজনায় তৈরি হবে এই ছবি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, রাজনৈতিক দর্শন, দেশ সম্পর্কে তাঁর ভাবনা কেন্দ্র করেই এগোবে ছবির কাহিনি। ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে রাজনৈতিক থ্রিলারের টানটান আবহ মিলিয়ে দর্শকের সামনে একটি গুরুত্বপূর্ণ সময়কে নতুন ভাবে তুলে ধরতে চান নির্মাতারা।
পরিচালকের কথায়, 'পরিচালক হিসেবে প্রথমবার ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন অনুসন্ধান করা আমার কাছে একই সঙ্গে একটি চ্যালেঞ্জ এবং কঠিন কাজ। ‘শ্যামা’-র মাধ্যমে আমি সততা, সংবেদনশীলতা এবং একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে পর্দায় তুলে ধরতে চাই।'
প্রযোজক আদিত্য কুমার হালওয়াসিয়া বলেন, 'ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃত নেতৃত্বের ভিত্তি হল সাহস, দৃঢ় বিশ্বাস এবং দেশের প্রতি সেবা। ‘শ্যামা’-র মাধ্যমে আমরা তাঁর রাজনৈতিক যাত্রাকে পর্দায় তুলে ধরতে চাই।'
