কুমিল্লার নাঙ্গলকোটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক ইউনিয়নের সাবেক সভাপতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ভোলাইন বাজার ও আদ্রা ইউনিয়নের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন জোড্ডা পূর্ব ইউনিয়নের জোড্ডা গ্রামের মরহুম রফিকুল ইসলামের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুল কাইয়ূম মাসুদ (৩৫), একই গ্রামের মরহুম আবুল খায়েরের ছেলে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম (৪০), আদ্রা উত্তর ইউনিয়নের মেরকোট গ্রামের আবদুর রহমানের ছেলে কাউসার আলম (৩৬) এবং আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা গ্রামের মনির হোসেনের ছেলে মহসিন ওরফে রিদয় (২৪)।
নাঙ্গলকোট থানার ওসি শাহীনূর ইসলাম বলেন, গ্রেপ্তাররা নিষিদ্ধঘোষিত সংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা থাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাদের কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।
