বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে সৌদি আরবে অনুষ্ঠিত ইন্টার ন্যাশনাল এনার্জি ফোরাম-১৭ এর সাইডলাইনে একাধিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সৌদি আরব সফররত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত রবিবার (১১ অক্টোবর) সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার নাসের আল কাহতানি, কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী এবং QatarEnergy-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী সাদ শেরিদা আল-কাবি এবং ACWA Power-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে সেরহান-এর সাথে পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।
সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক অ্যাসিস্ট্যান্ট মিনিস্টারের সাথে বৈঠকের শুরুতে বাংলাদেশের জ্বালানি প্রতিমন্ত্রী রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করেন এবং এই ধরনের বর্বরোচিত হামলার জোরালো নিন্দা জানান। একই সঙ্গে এই সংকটে সৌদি আরবের পাশে বাংলাদেশ সরকার ও জনগণের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
প্রতিমন্ত্রী সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীকে পাঠানো বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোকবার্তার বিষয়েও সৌদি জ্বালানি মন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। এছাড়া উক্ত হামলায় নিহত দুজন বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে পাঠানো এবং চিকিৎসাধীন আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণে সৌদি সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রী বাংলাদেশের সার্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি সরকারের বিশেষ সহযোগিতা কামনা করেন। এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সৌদি মন্ত্রী বলেন, একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ সব সময়ই সৌদি সরকারের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি সরকারের চলমান সহযোগিতাকে আরও শক্তিশালী ও জোরদার করার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ সরকার তার নির্ধারিত জ্বালানি লক্ষ্যমাত্রা ২০৩০ পূরণের লক্ষ্যে সৌদি সরকারের যেসব ক্ষেত্র থেকে সহযোগিতা প্রত্যাশা করে, সে বিষয়গুলোতে ফলপ্রসূ আলোচনার উদ্দেশ্যে উভয় দেশের প্রতিনিধি বিনিময় এবং একটি সমঝোতা কাঠামো প্রতিষ্ঠার ওপর জোর গুরুত্বারোপ করেন তিনি। তাছাড়া তিনি বাংলাদেশকে দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা প্রদান, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন এবং অফশোর ও অনশোর গ্যাস আহরণের নানা বিষয়েও আলোকপাত করেন।

দিনের দ্বিতীয় পর্যায়ে কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী এবং QatarEnergy-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদ শেরিদা আল-কাবির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের দিন দিন ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা, বিদ্যমান এলএনজি আমদানি ব্যবস্থা এবং নতুন দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ চুক্তির সম্ভাবনাগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
বৈঠকে QatarEnergy-এর আন্তর্জাতিক পোর্টফোলিও থেকে বাংলাদেশে এলএনজি সরবরাহ এবং এর উৎস ও রুট বৈচিত্র্যকরণের সার্বিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় দেশীয় মন্ত্রীই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যিক ও কারিগরি পর্যায়ের আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত প্রকাশ করেন।
পরবর্তীতে দিনের তৃতীয় বৈঠকে ACWA Power-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে সেরহান-এর সঙ্গে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সুনির্দিষ্ট সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের বিকাশমান নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়ে ACWA Power তাদের নিজস্ব আগ্রহের কথা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। এসব দ্বিপক্ষীয় বৈঠককালে বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যান্য সদস্য এবং রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
The post রিয়াদে আন্তর্জাতিক জ্বালানি ফোরামে ৩ শীর্ষ বৈঠক: বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে পাশে থাকার প্রতিশ্রুতি কাতার ও সৌদির appeared first on লোকসমাজ.
