যশোর প্রতিনিধি:
যশোরের চৌগাছায় সাত বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) শিশুটির মায়ের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, প্রায় চার বছর আগে শিশুটির বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়। পরে তার মা শহিদুল ইসলামকে বিয়ে করেন। এরপর থেকে শিশুটি মায়ের সঙ্গে সৎ বাবার বাড়িতে বসবাস করছিল।
অভিযোগে বলা হয়, গত ১৮ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে শিশুটির মা বাড়ির বাইরে গেলে সেই সুযোগে শহিদুল ইসলাম ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা দ্রুত ঘরে ফিরে আসেন এবং এ বিষয়ে জানতে চান।
এ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ সৃষ্টি হলে শিশুটির মা সন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। পরে স্থানীয় লোকজনকে নিয়ে সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।
পরবর্তী সময়ে শিশুটির মা চৌগাছা থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে অভিযুক্ত শহিদুল ইসলামকে গ্রেফতার করে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। মামলার একমাত্র আসামিকে গ্রেফতারের পর শুক্রবার তাকে যশোর আদালতে পাঠানোর কথা রয়েছে।

