আন্তর্জাতিক ডেস্ক
মিসরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। হতাহতদের মধ্যে দেশি ও বিদেশি পর্যটক রয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) কায়রো-আসিয়ুত পশ্চিম মরুভূমি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বুধবার (২১ অক্টোবর) দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আল-আহরামের এক প্রতিবেদনে দুর্ঘটনার এ তথ্য জানানো হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে বাস ও ট্রাকের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে ক্রেনের সাহায্যে বাসটি সরিয়ে নেওয়া হয়।
দুর্ঘটনায় আহত ব্যক্তিদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কী কারণে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটেছে, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মিসরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন প্রয়োগে দুর্বলতাকে দেশটিতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়।
দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর সড়ক দুর্ঘটনায় মিসরজুড়ে প্রায় ৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে।
এর আগে গত সেপ্টেম্বরে সিনাই অঞ্চলে একটি বাস দুর্ঘটনায় ২২ জন নিহত হন। তাঁদের মধ্যে ১০ জন ছিলেন জর্ডানের পর্যটক। এ ছাড়া গত আগস্টে উত্তর মিসরে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও ছিল।
