শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতের মন খারাপ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আবু হানিফ তাঁর পোস্টে বলেন, "গতকাল শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিগত যেকোনো সময়ের তুলনায় এবার পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া কার্যকর পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলা ছাড়াই পূজা উদযাপনের পরিবেশ নিশ্চিত করায় মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারকে ধন্যবাদ।
এটি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। একদিকে জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার নানা ষড়যন্ত্র, অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলোর নানা অপতৎপরতা—সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখা ছিল বেশ কঠিন। এমন পরিস্থিতিতে সরকার সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের পরিবেশ নিশ্চিত করেছে। হিন্দু সম্প্রদায়ের মানুষও সন্তুষ্ট সরকারের এই উদ্যোগে।
একদিকে জুলাই গণ-অভ্যুত্থানে পরাজিত শক্তি নিষিদ্ধ আওয়ামী লীগ, অন্যদিকে বিরোধী দলের নানা রকম ষড়যন্ত্র ছিল, কীভাবে পরিস্থিতি ঘোলাটে করা যায়। এসব কারণে সরকারকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতে হয়েছে, যার ফলে কোনো অপ্রীতিকর পরিস্থিতি কিংবা সহিংসতার মতো কোনো ঘটনা ঘটেনি। হিন্দু সম্প্রদায়ের মানুষও সন্তোষ প্রকাশ করেছে। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও জামায়াতের মন খারাপ। কেননা, তারা ভেবেছিল, কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হবে আর তারা সেটাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল করবে।"
