শিক্ষার অবকাঠামোগত উন্নয়ন শিক্ষার্থীদের মেধা, মনন ও সম্ভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নবনির্মিত স্কুল ভবনের উদ্বোধনের মধ্য দিয়ে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হয়েছে। সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশে পাঠদান কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি। শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন দক্ষ, জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করে। ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন এ লক্ষ্য অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এসব আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে উৎসাহিত করে। একই সঙ্গে তাদের মধ্যে অধ্যবসায়, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বৃদ্ধি, দক্ষ শিক্ষক নিয়োগ, আধুনিক পাঠদান পদ্ধতি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার সুযোগ সম্প্রসারণ জরুরি। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার মাধ্যমে উন্নত সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব উল্লেখ করে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল্লাহ আল আহসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর ইসলাম এবং হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী হাটহাজারীর চৌধুরীহাট পল্লী মঙ্গল সমিতির মাঠে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে পূজার উপহার বিতরণ করেন।
