মানিকগঞ্জের সিংগাইরে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার প্রথম দিনেই দুটি মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া মোটরসাইকেল ফেরত দেওয়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় তাঁরা সিংগাইর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, গত ১৮ অক্টোবর উপজেলার জয়মন্টপ উচ্চবিদ্যালয় মাঠে মেলা শুরুর দিন মোটরসাইকেল দুটি চুরি হয়। এরপর মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে সেগুলো ফেরত দেওয়ার কথা বলে বিকাশে টাকা পাঠাতে বলা হচ্ছে। বিষয়টি নিয়ে দুপুরে তাঁরা থানায় গিয়ে অভিযোগ করেন।
ভুক্তভোগী মো. আরাফাত (২৪) উপজেলার চান্দহর ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা। তাঁর অভিযোগ, মেলার প্রথম দিন বিকেল ৪টার দিকে বাবার নামে নিবন্ধিত কালো রঙের হোন্ডা এক্সব্লেড ১৬০ সিসি মোটরসাইকেলটি মেলার গেটের সামনে তালাবদ্ধ করে রেখে ভেতরে যান তিনি। প্রায় দেড় ঘণ্টা পর ফিরে এসে মোটরসাইকেলটি আর খুঁজে পাননি। মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯২ হাজার টাকা।
অন্যদিকে, একই দিন মেলার অদূরে শাহাদাত চেয়ারম্যানের বাড়ির সামনে থেকে নজরুল ইসলাম মামুনের মোটরসাইকেল চুরির অভিযোগ উঠেছে। তিনি উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের মোহর আলীর ছেলে।
প্রশাসন সূত্রে জানা গেছে, মেলা কমিটিকে নিজস্ব ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষার শর্তে জয়মন্টপ উচ্চবিদ্যালয় মাঠে মেলা আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। প্রথম দিনেই দুটি মোটরসাইকেল চুরির অভিযোগ ওঠায় মেলায় আসা দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, অভিযোগ দুটি তদন্তের জন্য উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মমিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। মোটরসাইকেলের নিরাপত্তা নিশ্চিত করতে মেলা কর্তৃপক্ষকে গ্যারেজের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্দুল মমিন লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাগুলো তদন্ত করে দেখা হচ্ছে।
এমএস/
