প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ · ১৪ অক্টোবর, ২০২৬ ৩:২৩ অপরাহ্ন
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে মারা গেছেন বরিশালের গৌরনদীর সাবেক এক কাউন্সিলরপুত্র। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে নৌকায় থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া ব্যক্তির নাম মো. মনিরুজ্জামান মিয়া (৪৫)। তিনি বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মিয়ার ছেলে।
সফরসঙ্গীদের বরাতে জানা গেছে, গত ১২ অক্টোবর বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া এলাকার প্রায় ৩০ জনের একটি দল সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরতে আসেন। তাদের সঙ্গে ছিলেন মনিরুজ্জামান। বুধবার সকালে টাঙ্গুয়ার হাওরে নৌকায় বসে থাকা অবস্থায় তিনি হৃদ্রোগে আক্রান্ত হন বলে জানান তাঁর সফরসঙ্গীরা।
পরে তাকে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনিরুজ্জামানের সফরসঙ্গী আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা জামাল সিকদার বলেন, তারা সিলেট ও সুনামগঞ্জে বেড়াতে এসেছিলেন। বুধবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মনিরুজ্জামানের মৃত্যু হয়। পরে তার মরদেহ নিয়ে তারা বরিশালের উদ্দেশে রওনা হন।
গুগলে আমাদের খবর পেতে
